sliderস্থানিয়

সালথায় লিচু খেয়ে টাকা পরিশোধ না করায় মারামারিতে বিক্রেতা নিহত 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় লিচু খেয়ে টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক ও মারামারির ঘটনায় আজিজুল মোল্লা (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল মোল্লা ফুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে। 

হামলাকারী শাকিল মুন্সি (২৫) ও তুষার মুন্সি (২৭) আপন দুই ভাই এবং একই উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মোশাররফ মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ফুলবাড়িয়া বাজারে লিচু খেয়ে টাকা পরিশোধ না করায় লিচু বিক্রেতা আজিজুল মোল্লার সাথে ক্রেতা শাকিল মুন্সি ও তুষার মুন্সির সাথে তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে লিচু বিক্রেতা গুরুতর আহত হয়। আজিজুর মোল্লা গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ৯টার দিকে ওখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় সূত্রে আরও জানা গেছে এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যেকোন সময়ে এই ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। 

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, লিচু খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button