ট্রাম্পের বিরুদ্ধে আরো দুজন নারীর ‘হেনস্থার’ অভিযোগ

রিপাবলিকানদের মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরো দুজন নারী ‘হেনস্থার’ অভিযোগ এনেছেন। এ নিয়ে এক সপ্তাহে অন্তত তিনজন নারী ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করলেন। ট্রাম্পের প্রচারণা বিভাগ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পক্ষান্তরে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা বিভাগ এই বিষয়টি সামনে এনেই তাদের প্রচারণা এগিয়ে নিচ্ছে।
নতুন অভিযোগকারী দুই নারী হলেন জেসিকা লিডস ও রাচেল ক্রুক। জেসিকার বয়স ৭৪ বছর। আর রাচেল ক্রুকের বয়স ৩৪ বছর। জেসিকা তার অভিযোগে জানান, তার বয়স যখন ৩৫ বছর, তখন একদিন বিমানে করে কোথাও যাচ্ছিলেন তিনি। সে সময় তার পাশেই বসা ছিলে ডোনাল্ড ট্রাম্প। বিমান উড়ার এক পর্যায়ে ট্রাম্প জেসিকার অশরীরে ‘অগ্রহণযোগ্য উদ্দেশ্যে’ হাত দেন।
জেসিকা বলেন, ‘ওই সময় আমার মনে হয়েছিলো একটি অক্টোপাস আমাকে ঘিরে ধরেছে। পরে আমি সেই সিট থেকে উঠে অন্যত্র গিয়ে বসে। যারা ট্রাম্পকে ভোট দিবেন, তাদের উচিত তার এ ধরনের চরিত্রের বিষয়টি মাথায় রাখা।’
রাচেল ক্রুক ডোনাল্ড ট্রাম্পের একটি প্রতিষ্ঠানে রিসিপসনিষ্ট হিসেবে কাজ করতেন। তিনি অভিযোগ করেন যে, একদিন লিফটে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একা ছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই ট্রাম্প তার শরীরের স্পর্শকাতর অংশে জোর করে হাত দেন।
রাচেল বলেন, ‘এ ঘটনায় আমি এতোটাই ভেঙে পড়েছিলাম যে সঙ্গে সঙ্গে আমি আমার ছেলেবন্ধুকে ফোন করে ঘটনা জানাই এবং কেঁদে ফেলি। পরে আমাকে ট্রাম্প ফোন করে আমার কিছু ছবি চেয়ে বলেছিলেন যে, ছবিগুলো তিনি তার বিজ্ঞাপনী সংস্থায় দিবেন এবং আমাকে মডেল হিসেবে কাজ করার সুযোগ করে দিবেন।’
ট্রাম্পের বিরুদ্ধে এই দুই নারীর অভিযোগ প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। ট্রাম্পের প্রচারণা বিভাগ থেকে এই অভিযোগ দুটিকে ‘গালগল্প’ বলে প্রচার করা চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাতেও খুব একটা লাভ হচ্ছে না। বরং ট্রাম্প ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন।
এর আগে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক নারী অভিযোগ করেন। তার ‘বিকৃত’ মানসিকতার একটি অডিও সম্প্রতি ফাঁস হয়। সেখানে ট্রাম্প একজন বিবাহিত অভিনেত্রীর সঙ্গে শারীরীক সম্পর্ক গড়ার আগ্রহের কথা প্রকাশ করেন। এ বিষয়ে হিলারি ক্লিনটন কথা বললে, ট্রাম্প হিলারির স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আমারটা তো শুধু কথা, আর তিনি তো করে দেখিয়েছেন।’




