
মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপরের চরভদ্রাসন পদ্মা নদীর গোপালপুর ঘাট এলাকায় জেলেদের বড়শিতে আটকা পড়েছে বিপন্ন প্রজাতির একটি কুমির।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে গোপালপুল ঘাট হতে একটু দুরে কাজী বাড়ি ঘাটের কাছে মাছ শিকারি স্বপন বেপারীর মাছ ধরা হাজারি বড়শিতে কুমিরটি ধরা পড়েছে। কুমিরটি আনুমানিক ৮ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট চওড়া।
এ খবর ছড়িয়ে পড়লে কুমিরটি এক নজর দেখতে নদীর তীরে ভিড় জমান স্থানীয়রা।
মাছ শিকারি স্বপন বেপারী এ প্রতিবেদককে জানান, আমরা কয়েকজন মাছ শিকারি প্রতিদিনের মত আজকেও সকালে পদ্মা নদীর কাজী বাড়ির ঘাটের কাছে পদ্মা নদীতে হাজারি বড়শি দিয়ে মাছ ধরছিলাম। হটাৎ আমাদের মাছ ধরার বরশিতে একটি কুমির আটকা পরে। পরে আমরা কুমিরটিকে উদ্ধার করে কাজি বাড়ির ঘাটে নিয়ে আসি।
তিনি আরো বলেন, কুমিরটিকে উদ্ধার করে আমরা প্রশাসনকে খবর দেই। প্রশাসনের লোকজন কুমিরটিকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করার জন্য তাদেরকে খবর দেওয়া হয়েছে।
এব্যাপারে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ জানান, আমি সকালে পদ্মা নদীতে জেলেদের বড়শিতে একটি কুমির আটকের বিষয়ে জানতে পারি। তাৎক্ষণিকভাবে কুমিরটির নিরাপত্তায় সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে।
এছারা কুমিরটিকে হস্থান্তর করার জন্য খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকেও বিষয়টি অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।



