
মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ১৩ এপ্রিল (সোমবার) বিকেলে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক বলেন, দল তাকে সঠিক মূল্যায়ন করেছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। তার (প্রধানমন্ত্রীর) হাতকে শক্তিশালী এবং দলের ভাব মূর্তি রক্ষা করার জন্য বিএনপির নেতাকর্মীদের সকল মতবিরোধ ভুলে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি কবির হোসেন জোমাদ্দার, সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি ও নলছিটি পৌরসভার সাবেক মেয়র মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহিন, সদস্য সচিব পলাশ সজ্জন, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম শরীফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রাজন সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মী ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার তিমিরকাঠী মৌজায় জেলা পরিষদের ১৭ একর জমি ও শহরের ঝুঁকিপূর্ণ জেলা পরিষদ মার্কেট পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি বলেন, নলছিটি উপজেলার তিমিরকাঠি মৌজায় ঝালকাঠি জেলা পরিষদের ১৭ একর জমি রয়েছে। ভূমিদস্যুরা এর বেশ কিছু জমি অবৈধভাবে দখল করে রেখেছে। সেখানে তারা অবকাঠামো নির্মাণ করে অবৈধভাবে ভাড়া আদায় করছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। এসব জমি উদ্ধার করে বিধি মোতাবেক সেখানে দোকান বা মার্কেট নির্মাণ করা হবে। পরে তা ভাড়া দেওয়া হবে। যা থেকে সরকারের রাজস্ব আদায় হবে। এছাড়া শহরের ঝুঁকিপূর্ণ জেলা পরিষদ মার্কেটের বিষয়ে প্রয়োাজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার সহ স্থানীয় উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



