
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের যুব সমাজ ও গ্রামবাসী, মাদকের বিরুদ্ধে ফুসে উঠেছে। এক রাতে পাঁচ মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও ৪শত পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে । গতকাল রাত ৮টা থেকে বারোটা পর্যন্ত গ্রামবাসী মিলে মাদক ব্যবসায়ীদের বাড়িতে এই হামলা চালায়।
জানা যায়,দীর্ঘদিন যাবত লোহাজুরি ইউনিয়নে মাদক ব্যবসার অভয়ারণ্য হয়ে উঠেছিল। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কোন প্রতিকার না পেয়ে এলাকার যুব সমাজ ও গ্রামবাসী অতিষ্ঠ হয়ে নিজেরাই এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। যেসব মাদক ব্যবসায়ীদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে তারা হলো -বিলপার গ্রামের সাইফুল ইসলাম, কাজী মোড় গ্রামের রুকিয়া বেগম ও তার স্বামী মহিউদ্দিন কালা, উত্তর লোহাঝুরির ডিসান মিয়া, চরকাউনিয়া গ্রামের বাদশা আফ্রাদের বাড়ি ও বাকশা বাড়ির আমজাদ (বাকশা বাড়ি) ব্যাপকভাবে ভাঙচুর করা হয়।
অপরদিকে উপজেলার দক্ষিণ সীমান্তবর্তী এলাকা একটি সেতুর উপর থেকে বাদল মিয়া নামে এক ব্যক্তিকে ৪শত পিস ইয়াবাসহ আটক করে স্থানীয় জনতা । পরে তাকে কটিয়াদী মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। আটককৃত বাদল মিয়া দক্ষিণ লোহাজুরি গ্রামের আইনুদ্দিন বেপারীর ছেলে।
কটিয়াদী মডেল থানা ওসি মাহবুবুর রহমান জানান, লোহাজুরী ইউনিয়নের লোকজন ৪শত পিস ইয়াবা সহ বাদল মিয়া নামে একজনকে আটক করে পুলিশের কাছে শপথ করে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান। তবে মাদক কারবারীদের পাঁচটি বাড়ি ভাঙচুরের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।



