sliderরাজনীতিশিরোনাম

জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাষ্ট্রে বিভেদের দায় সরকারকেই নিতে হবে-মজিবুর রহমান মঞ্জু

পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও রাজনৈতিক সমঝোতার স্বার্থে ঘোষিত ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করা জরুরি। অন্যথায় রাষ্ট্রের ভেতরে যে নতুন ধরনের রাজনৈতিক ও সামাজিক বিভাজন তৈরি হবে, তার দায় সরকারকেই বহন করতে হবে। একই সঙ্গে দল হিসেবে বিএনপিকেও এ দায় এড়ানোর সুযোগ থাকবে না।
রবিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডস্থ সিরডাপ মিলনায়তনে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঞ্জু বলেন, জুলাই সনদ’ কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়; এটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রাজনৈতিক সহাবস্থান এবং জনগণের ন্যায্য প্রত্যাশার প্রতিফলন। এই সনদের মাধ্যমে রাষ্ট্র ও রাজনীতিতে একটি নতুন আস্থার পরিবেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু এর বাস্তবায়নে বিলম্ব হলে জনগণের মধ্যে হতাশা ও অবিশ্বাস আরও গভীর হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রপতির নিকট শপথ গ্রহণ থেকে শুরু করে সুপ্রিম কোর্টে সংবিধানের অনুচ্ছেদ ১০৬ এর আওতায় নেওয়া কিছু পদক্ষেপ সঠিক ছিল না। তবে রাজনৈতিক বাস্তবতার কারণে সেসময় বিকল্প পথও খুব সীমিত ছিল।
এবি পার্টির চেয়ারম্যান উল্লেখ করেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে ঐকমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্যমত্য তৈরি হয়েছিল, তার ভিত্তিতেই গণভোট অনুষ্ঠিত হয়। ফলে জুলাই সনদের বাস্তবায়ন এখন কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের প্রত্যাশার বিষয়।
তিনি বলেন, দেশ বর্তমানে এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে রাজনৈতিক দূরদর্শিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জাতীয় ঐক্যকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে রাষ্ট্রে অপ্রয়োজনীয় বিভাজন ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
মজিবুর রহমান মঞ্জু সরকারকে অবিলম্বে জুলাই সনদের প্রতিশ্রুত বিষয়গুলো বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং বলেন, দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button