পাকিস্তানের রান বন্যা চলছেই

সংযুক্ত আরব আমিরাতে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলমান তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩০৮ রান সংগ্রহ করেছে পাকিস্তান। অধিনায়ক আজহার আলী ও মিডল অর্ডার ব্যাটসম্যান বাবর আজমের জোড়া সেঞ্চুরিতে এই বিশাল সংগ্রহ দাড় করার পাকিস্তান।
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে আজ বুধবার শুরু থেকেই দাপুটে ব্যাটিং করে পাকিস্তান। ইতিমধ্যেই আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে তারা।
টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮৫ রান তোলে আজহার আলীর দল। ব্যক্তিগত ৩৮ শারজিল খান বিদায় নেওয়ার পর দ্বিতীয় উইকেটে ১৪৭ রানের জুটি গড়েন আজহার ও বাবর আজম।
অধিনায়ক আজহার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডোরের বলে। ১০৯ বল মোকাবেলা করে ৮টি চার ও ১ টি ছক্কায় করেন ১০১ রান।
অপর সেঞ্চুরিয়ান বাবর আজম বুধবার ব্যক্তিগত টানা তিন সেঞ্চুরির কৃতিত্ব গড়েন। আগের দুই ম্যাচে ১২০ ও ১২৩ রানের ইনিংস খেলা বাবর বুধবার করেন ১০৬ বলে ১১৭ রান। ৮টি চার ও ১ টি ছক্কা ছিল তার ইনিংসেও।
তবে অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় দলীয় সংগ্রহটাকে আরো বড় করতে পারেনি পাকিস্তান। ৪২ ওভারে ৩ উইকেটে ২৫০ ওঠার পরও স্লোগ ওভারের সুবিধা কাজে লাগাতে না পারায় তাদের সংগ্রহ দাড়ায় ৬ উইকেটে ৩০৮।
ক্যারিবীয়দের পক্ষে আলজারি জোসেফ ২ উইকেট নিয়েছেন ৬২ রান খরচায়।




