
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) শফিউল্লাহ মিঠু।
বৃহস্পতিবার বিকেলে তিনি তাঁর প্রয়াত পিতা, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডা.সানাউল্লাহ’র কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রমের সূচনা করেন।
কবর জিয়ারত শেষে তিনি উপজেলার খিরাটি গ্রামে নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় প্রয়াত ডা. সানাউল্লাহ’র রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ, জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।
মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন তরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম এবং ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। বক্তারা বলেন, ডা. সানাউল্লাহ কাপাসিয়ার মানুষের উন্নয়ন ও কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তাঁর সুযোগ্য সন্তান মেজর (অব.) শফিউল্লাহ মিঠু সেই রাজনৈতিক আদর্শ ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, কাপাসিয়া উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও সুশাসন থেকে বঞ্চিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে একটি গণতান্ত্রিক ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে মেজর (অব.) শফিউল্লাহ মিঠু এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
স্থানীয় সূত্র জানায়, আগামী দিনগুলোতে তিনি কাপাসিয়ার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে জনসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।




