
মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: নলছিটিতে পরিত্যক্ত অবস্থায় ৪৫০ (চারশত পঞ্চাশ) বস্তা আলু জব্দ করেছে থানা পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার মগড় ইউনিয়নের খাওখীর গ্রামের উত্তর দিকে কালিজিরা খালের পাড়ে মনির তালুকদারের জমি থেকে ওই ৪৫০ বস্তা আলু জব্দ করা হয়। জব্দ আলু মগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.জামাল হোসেনের জিম্মায় রাখা হয়েছে বলে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মোঃ. আশরাফ আলী ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এলাকাবাসী জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) রাতে অপরিচিত কয়েকজন লোক আলুর বস্তা ভর্তি একটি বড় ট্রলার ওই খালের পাড়ে নিয়ে আসেন। পরে ট্রলার থেকে আলুর বস্তাগুলো খালের পার্শ্ববর্তী মনির তালুকদারের জমিতে নামিয়ে রেখে খালি ট্রলারটি চলে যায়। এ সময় তারা (এলাকাবাসী) ভেবেছিলেন এলাকার কেউ হয়তো এই আলু কিনেছেন। তারা নিয়ে যাবেন। কিন্তু বুধবার দিন রাত থেকে শনিবার দিবাগত রাত পর্যন্ত কেউ ওই আলুর বস্তা না নেওয়ায় পরিত্যাক্ত অবস্থায় ওখানেই পড়ে থাকে। পরে মগড় ইউনিয়নের ওই এলাকার ইউপি সদস্য মিন্টু খানকে বিষয়টি জানায় এলাকাবাসি ।
ইউপি সদস্য সদস্য মিন্টু খান জানান, আমি বিষয়টি জানার পর আলুর মালিককে খুঁজে না পেয়ে রোববার নলছিটি থানা পুলিশকে এই ঘটনা জানাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আলুর বস্তাগুলো জব্দ করে।
মগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামাল হোসেন জানান, জব্দ আলুর বস্তাগুলো তার জিম্মায় রাখা হয়েছে।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মোঃ. আশরাফ আলী জানান, খবর পেয়ে আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। ওই ৪৫০ বস্তা আলুর কোনো মালিককে খুঁজে পাইনি। এ অবস্থায় ওই আলুর বস্তাগুলো জব্দ করে মগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামাল হোসেনের জিম্মায় রাখা হয়েছে। পরে প্রশাসনকে জানিয়ে প্রয়োাজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




