
সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ (৪৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ।
বুধবার(১০ ডিসেম্বর)দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার জামশা এলাকায় পুলিশি অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার পূর্বক তাকে আটক করেন। আটককৃত-মাসুদ ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সাদাপুর গ্রামের মৃত.ফালু বেপারির ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় এএসআই মো.শরীফ হোসাইন ও এএসআই মো.শরিফুল ইসলাম বুধবার দিবাগত রাতে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামের জনৈক লেবু মিয়ার ৩ তলা বিল্ডিং এর ৩য় তলার পশ্চিম পাশের ফ্ল্যাটের ভিতর অভিযান পরিচালনা করে ভাড়াটিয়া মাসুদের কাছ থেকে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




