মেসিহীন বার্সার ঝড়

চোট ৷ সেই কারণেই দলের বাইরে রয়েছেন লিওনেল মেসি৷ কিন্তু তাতেও বার্সেলোনার বড় জয় আটকালো না৷ মেসির অনুপস্থিতিতে জ্বলে উঠলেন লুই সুয়ারেজ ও নেইমার। জোড়া গোল করলেন ব্রাজিলের তারকা ফুটবলার৷ লা লিগায় স্পোর্টিং গিহনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লুই এনরিকের দল। বার্সেলোনা দুর্দান্ত এক জয় পেয়েছে৷
ম্যাচের ২৯ মিনিটে প্রথম সুযোগটাই কাজে লাগায় বার্সেলোনা। মাঝ মাঠ থেকে তুরানের লম্বা উঁচু করে বাড়ানো বলে আলতো টোকায় এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন সুয়ারেজ। এরপর ফাঁকা জালে বল জড়াতে কোনো ভুল হয়নি গত মরশুমে ইউরোপের সর্বোচ্চ এই গোলদাতার।তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হয়। ডান দিক থেকে রবের্তোর বাড়ানো বলে ঝাঁপ দিয়ে করা হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের মিডফিল্ডার রাফিনিয়া। বিরতির সময় দু’ গোলেই এগিয়ে ছিল বার্সা৷ বিরতির পরে নেইমার জোড়া গোল করেন৷ নেইমারের দ্বিতীয় গোলের আগে ডান দিক থেকে বাড়ানো বলে কাছ থেকে লক্ষ্যভেদ করেন তুরস্কের অধিনায়ক তুরান।




