
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় উৎপল সরকার(২৬)নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর রাত পাঁচটার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের গৌড়দিয়া কালীতলা মন্দির সংলগ্ন কালিতলা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উৎপল সরকার কোতোয়ালি থানার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, উৎপল সরকার নিজ বাড়ি থেকে অটোভ্যানে করে রাত চারটার দিকে গোপালগঞ্জের পুরাতন মোকসেদপুর মাছের আড়তে মাছ কেনার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সালথার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের গৌড়দিয়া কালীতলা মন্দির সংলগ্ন কালিতলা ব্রীজে পৌঁছারে অজ্ঞাত ৩/৪ জন লোক অটোভ্যানচালক ফিরোজকে ও মাছ ব্যবসায়ী উৎপলকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে প্রথমে ভ্যানচালক ফিরোজকে গামছা দিয়ে চোখ বেঁধে কালিতলা ব্রিজের রেলিং এর সাথে বেঁধে রাখে এবং মাছ ব্যবসায়ী উৎপলকে ব্রীজ সংলগ্ন পূর্ব পাশে রাস্তার ঢালে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
বিষয়টি নিশ্চিত করে সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে.এম. মারুফ হাসান রাসেল বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা ছিনতাইয়ের ঘটনা। ভ্যানচারক ফিরোজকে জিজ্ঞেসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




