sliderস্থানিয়

কটিয়াদীতে বালতির পানিতে চুবিয়ে নিজের সন্তান হত্যার অভিযোগ

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে বালতির পানিতে চুবিয়ে ১ মাসের নিজের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে, মা তাহমিনা আক্তার মুন্নির বিরুদ্ধে।

গতকাল ২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ভাট্টা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম, নূর হাসান তোহা (১মাস)। সে একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত মঙ্গলবার দুপুরেও মা তাহমিনার কোলে ছিল শিশু তোহা। দুপুরেই শিশুর বাবা নূর মোহাম্মদ বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী তাহামিনা অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছেন। তখন শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে, তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। এক পর্যায়ে তাহমিনা নিজেই ঘরের একটি বালতির দিকে ইঙ্গিত করলে, সেখানে খোঁজ করতেই বালতির পানিতে শিশুটির মরদেহ পাওয়া যায়। এ সময় তাহমিনা আক্তার মুন্নি নিজেই শিশুটিকে হত্যার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। পরে তিনি আবারও নাকি অচেতন হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায় তাহমিনা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অস্থির আচরণ করতেন। পরিবারের পক্ষ থেকে একাধিকবার কবিরাজি চিকিৎসাও করানো হয়েছিল। এলাকাবাসীর ধারণা, তিনি মানসিক ভারসাম্য হারিয়েই নিজের সন্তানকে হত্যা করেছেন। ঘটনার পরপর কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

এদিকে স্থানীয় ইউপি সদস্য মোঃ মোস্তফা বলেন, ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্য হারিয়েই, শিশুটির মা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত বালতি থেকে শিশুর লাশ উদ্ধার করে। বর্তমানে মানসিক ভারসাম্যহীন মা তাহামিনা অচেতন অবস্থায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শিশুটির মা অসুস্থ থাকায়, তাকে পরিবারের জিম্মায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button