
রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন তারাসীমা এ্যাপারেলস্ লিঃ এর প্রোডাকশন সিওও শাশাংকা জয়া উইকরমার বিরুদ্ধে উপজেলা সহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে তারাসীমা এ্যাপারেলস্ লিঃ কারখানার পানি নিষ্কাশনের লাইন স্থানান্তরের বিষয়ে তদারকির জন্য যান উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আলীম। তারাসীমা এ্যাপারেলস্ এর লিখিত আবেদনের প্রেক্ষিতে সেখানে যান সহকারী প্রকৌশলী। এ্যাডমিন মাজহারুল ইসলামের অনুরোধে কারখানার ভেতরে প্রবেশ করে। সহকারী প্রকৌশলীর সঙ্গে স্থানীয় একজন সাংবাদিক ছিলেন। প্রবেশ করার কিছুক্ষণ পর সিওও শাশাংকা জয়া উইকরমা তাদের দুইজনের সাথে অশালীন আচরণ সহ তাদের ছবি এবং ভিডিও করে কারখানায় প্রবেশে মানা করেন। এ্যাডমিন অফিসার সহ উপস্থিত কারখানার সকল কর্মকর্তা কর্মচারীর সঙ্গে খারাপ আচরণ করেন।
সরজমিনে গিয়ে জানা যায়, সিওওর উদ্ধর্ত আচরণ দীর্ঘদিন ধরে চলে আসছে। শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার কথায় কথায় চাকুরীচ্যুত করেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, সিওও শাশাঙ্ক সাহেব শ্রীলঙ্কার নাগরিক তিনি বাঙ্গালী দেখতে পারেন না। সারাক্ষণ বকা ঝকা করেন শ্রমিকদের সঙ্গে।
অপর একটি সূত্র থেকে জানা যায় তিনি কুমিল্লার বারিদি গার্মেন্টস লিঃ এর ওয়ার্ক পারমিটে বাংলাদেশে এসেছেন। বিটপি গ্রুপের তারাসীমা এ্যাপারেলস্ লিঃ এ ২০১৭ সনের সেপ্টেম্বর থেকে প্রোডাকশন সিওও হিসেবে কর্মরত।
উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুল আলীম বলেন, আমি তারাসীমা এ্যাপারেলস্ লিঃ পানি নিষ্কাশনের পাইপ স্থানান্তর ও মেরামতের লিখিত আবেদনের প্রেক্ষিতে সেখানে গিয়েছিলাম। শ্রীলঙ্কার নাগরিক আমার সঙ্গে অত্যন্ত খারাপ আচরন করেছেন। বিষয়টি আমি উপজেলা প্রকৌশলী মহোদয়কে অবহিত করি। এসময় আপনাদের একজন সাংবাদিক আমার সঙ্গে ছিল। তাঁর সঙ্গেও একই আচরণ করেছে।
এ ব্যাপারে তারাসীমা এ্যাপারেলস্ লিঃ এর প্রোডাকশন সিওও শাশাংকা জয়া উইকরমা মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেন নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, কোন সরকারী কর্মকর্তার সাথে দূর্ব্যবহার করা উচিৎ হয়নি।




