
কাউছার আহমেদ,দৌলতপুর প্রতিনিধি: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় খোলা বাজারে (ওএমএস) আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০.০০ টায় উপজেলার খাদ্য গুদাম দক্ষিণ সংলগ্ন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান, ওএমএস ডিলার মো. রেজাউল করিম ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, খোলা বাজারে প্রতি কেজি আটা ২৪ টাকা দরে বিক্রি করা হবে। শুক্রবার ও শনিবার ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে। এ কর্মসূচির আওতায় প্রতিজন ৫ কেজি করে আটা কিনতে পারবেন। প্রতিদিন ডিলারের মাধ্যমে আটা বিক্রি করা হবে। সরকার বাজার নিয়ন্ত্রণে রাখতে খোলা বাজারে ওএমএস আটা বিক্রি শুরু করেছে।
দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল ওএমএসের আটা বিক্রি। বাজারে দফায় দফায় চাল ও আটার দাম বৃদ্ধি পাওয়ায় অস্বস্তিতে রয়েছে সর্বস্তরের মানুষ। সরকারে এই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
কর্মসূচির প্রথম দিন ডিলারের দোকানগুলোতে আটা কিনতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ওএমএসের আটা কিনতে আসা গৃহবধূ নাছিমা বলেন, আমরা গরীব মানুষ। সারা বছর আটা কিনে খেতে হয়। বাজারে চাল ও আটার দাম খুবই বেশি। তারমধ্যে অনেকদিন থেকে এই আটা বিক্রি বন্ধ ছিল। আমাদের মতো দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য কষ্টকর হয়ে পড়েছিল। কম দামে আটা পাওয়ায় এখন কিছুটা স্বস্থি আসবে। সরকার যেন চাল ও আটা বিক্রি বন্ধ না রাখে এবং সারা বছরই এটা চালু রাখার দাবি জানান তিনি।
খোলা বাজারে আটা বিক্রির উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন, ভোক্তাদের স্বস্তি দিতেই আজ থেকে প্রতি কেজি আটা ২৪ টাকা দরে বিক্রির কার্যক্রম শুরু হলো। কোনো ডিলার এই কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



