
রাংগামাটি প্রতিনিধি: রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক কথকতা অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের জেনারেল হাসপাতাল এলাকার অস্থায়ী কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পার্বত্য জেলা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কথকতার মূল স্লোগান ছিল ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের অর্জন রক্ষা করুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কমিটির সভাপতি অমর চাকমা।
এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জেলা কমিটির সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, খেলাফত মজলিশ বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. সামশুল আলম, রাঙামাটি জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আক্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক জুঁই চাকমা, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের আহ্বায়ক কামাল উদ্দিন এবং জাতীয় নাগরিক পরিষদ (এনসিবি) জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিপিবি রাঙামাটি জেলা কমিটির সহ সম্পাদক এম জিসান বখতেয়ারসহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতি নির্মল বড়ুয়া মিলন তাঁর সম্পাদিত গ্রন্থ ‘রক্তেভেজা গণঅভ্যুত্থান : পাহাড়ে বৈষম্য’ অতিথি রাজনৈতিক নেতাদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্টির জেলা সাধারণ সম্পাদক জুঁই চাকমা।
বক্তারা বলেন, জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসের এক রক্তঝরা অধ্যায়। ছাত্র-শ্রমিক-জনতার আত্মত্যাগ আজও গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা হয়ে আছে। পাহাড়-সমতলের বৈষম্য দূরীকরণ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সেই সংগ্রামের চেতনা নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে।




