
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মালেকের (৬৫) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫.০৬.২৫) দিনগত রাত আনুমানিক ২টার দিকে জানালার রড কেটে ডাকাডদল ঘরে প্রবেশ করে। রাতেই ওসি মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা যায়, আব্দুল মালেক মেম্বারের মেয়ের শ্বশুরের মৃত্যু সংবাদে পরিবারের সবাই ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামে চলে গেলে বাড়িতে কেবল একমাত্র ছেলে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা নাজিম উদ্দীন মোল্যা ছিলেন। সেই সুযোগে গভীর রাতে ঘরের বারান্দার জানালার শিকল ও রড কেটে ৫-৬ জন ডাকাত ভেতরে প্রবেশ করে। এ সময় বাহিরেও ডাকাত সদস্যরা পাহারায় ছিল।
নাজিম উদ্দীন মোল্যা বলেন, “আমি একাই বাড়িতে ছিলাম। রাত দুইটার দিকে হঠাৎ ৫-৬ জন মুখোশধারী ডাকাত ঘরে ঢুকে পড়ে। তারা আমার গলায় ছুরি ঠেকিয়ে হাত-বেঁধে ফেলে। এরপর কাঠের আলমারি ভেঙে প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার ও ৬০ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। প্রায় এক থেকে দেড় ঘণ্টা ধরে তারা লুটপাট চালায়।
অপরদিকে একই রাতে রূপাপাত ইউনিয়নের জাগির দেউলি গ্রামের নুরুল ইসলাম সিকদারের বাড়ি থেকে ১টি ৫ ঘোড়া পানির মোটর, ২টি টিউবওয়েলের মাথা চুরি হয়েছে। নুরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করি। এটি একটি পরিকল্পিত দস্যুতা ও চুরির ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেউলির ঘটনায় অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন তিনি।


