
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও মারধরের অভিযোগে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঘটনার প্রায় ৯ মাস পর সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে এই মামলা করেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহরাব হোসাইন।
মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২১৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০০ থেকে ১৫০ জনকে। মানিকগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এবং এস এম জাহিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম,পৌরসভার সাবেক মেয়র রমজান আলী, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং সাবেক জনপ্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক ও পুলিশের সাবেক কর্মকর্তারা। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জহিরুল আলম, জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাহাউদ্দিন প্রমুখ।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ জুলাই সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনের সামনে থেকে ছাত্র-জনতা প্রতিবাদ মিছিল নিয়ে খালপাড় সেতুর দিকে দিকে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা আসামিরা বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, রড়, হাতুড়ি, গ্যাস পাইপ, বাঁশের লাঠি ও কাঠের বাটাম নিয়ে আশপাশে মহড়া দিতে থাকেন। মিছিল থেকে প্রতিবাদমূলক স্লোগান দিয়ে খালপাড় সেতুর ওপর ছাত্র-জনতা পৌঁছালে আসামিরা হাতবোমা ও ককটেল বিস্ফোরণ করে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে হত্যার উদ্দেশ্য আক্রমণ করেন। ধারালো বিভিন্ন অস্ত্রের আঘাতে শিক্ষার্থীদের মারাত্মক রক্তাক্ত জখম করা হয়।
এরপর দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে মানরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আবার আন্দোলনকারীদের ওপর একইভাবে ককটেল বিস্ফোরণ, অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।




