Uncategorized
টম্পসনের স্বপ্ন গুঁড়িয়ে ফেলিক্সের রেকর্ড

ট্রেবল জেতা হলো না জ্যামাইকার এলেইন টম্পসনের। ফাইনালে নিখুঁতভাবে ব্যাটন হাতবদল করে ৪x১০০ মিটার রিলের স্বর্ণ জিতে নিয়েছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। আর এর মধ্য দিয়ে প্রথম নারী হিসেবে অ্যাথলেটিক্সে পাঁচটি স্বর্ণ পদক জিতলেন যুক্তরাষ্ট্র দলের অ্যালিসন ফেলিক্স।
বেইজিংয়ে ৪x৪০০ মিটার রিলের স্বর্ণ জেতার পর লন্ডনে ২০১২ অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪x১০০ ও ৪x৪০০ মিটার রিলের স্বর্ণ জিতেছিলেন ফেলিক্স। রিওতে ৪০০ মিটার দৌড়ে একটুর জন্য রুপা জিততে হয় তাকে। অবশেষে এই আসরে প্রথম স্বর্ণ জিতে অনন্য রেকর্ড গড়লেন তিনি।
অলিম্পিকে সব মিলিয়ে ফেলিক্সের পদক হলো আটটি। এথেন্স ও বেইজিং অলিম্পিকে ২০০ মিটারে রুপাও জিতেছিলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যুক্তরাষ্টের সবচেয়ে বেশি পদক পাওয়া এই নারী অ্যাথলেট।




