
বায়ু দূষণের জেরে মৃত্যুহারে চীনকেও ছাপিয়ে যাচ্ছে ভারত। সম্প্রতি এক প্রতিবেদনের কথা উল্লেখ করে এমনটাই দাবি করেছেন মার্কিন গবেষকরা।
শুধু তাই নয়, চীন দূষণে লাগাম টানলেও, ভারত কিন্তু লাগামছাড়াই। বায়ু দূষণ ঠেকাতে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
বস্টনের হেলথ এফেক্টস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডান গ্রিনবাউম বৃহস্পতিবার জানান, ভারতের পরিস্থিতি ক্রমে খারাপের দিকে যাচ্ছে। এমনকী চীনের থেকেও দ্রুততায়। সবচেয়ে দুশ্চিন্তার যেটা, ভারত দূষণ ঠেকাতে কোনো পদক্ষেপ নেয়নি।
সম্প্রতি সমীক্ষা চালিয়ে চীন, ভারত ও মার্কিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেন, গোটা বিশ্বে বায়ু দূষণের কারণে যত মৃত্যু হয়, তার অর্ধেকই ভারত ও চীনে। চীনে বায়ু দূষণের অন্যতম উৎস কয়লানির্ভর প্লান্ট। ভারতে কয়লাজনিত দূষণ ঠেকাতে কোনো নীতিমালাই নেই। উল্টো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন ১৩০ কোটি মানুষের কাছে বিদ্যুত্ পৌঁছে দেবেন। ফলে আরো বেশি কয়লা পুড়বে। সেখানে চীন ২০২০ সালের মধ্যে কয়লার ব্যবহার বার্ষিক ৫০০ মিলিয়ন টনে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে।
সমীক্ষায় উল্লেখ করা হয়, চীন যদি এভাবে কয়লায় লাগাম দিতে পারে, ২০৩০-এর মধ্যে বায়ুদূষণজনিত কারণে মৃত্যুহার অনেকটাই কমিয়ে আনা যাবে।




