ম্যাডোনার ধুমধারাক্কা জন্মদিন
মার্কিন পপ সুপারস্টার ম্যাডোনা মঙ্গলবার তার ৫৮তম জন্মদিন পালন করেছেন কিউবার রাজধানী হাভানায়। এখানে সফর করছেন তিনি। জন্মদিন উপলক্ষে রাতের অনুষ্ঠানে অসংখ্য দর্শককে উপহার দেন কিউবান সঙ্গীতের ছন্দের নাচ।
কিউবার কমিউনিস্ট পার্টির সরকারি পত্রিকা গ্রানমা জানায়, ম্যাডোনার সঙ্গে রয়েছেন তার বড়ো মেয়ে ১৯ বছর বয়সী মডেল লরডেস। তার পিতা একজন কিউবান নৃত্যশিল্পী ও ফিটনেস প্রশিক্ষক কার্লোস লিউন। এছাড়া আমেরিকান ফটোগ্রাফার স্টিভেন ক্লেইন এবং স্টাইলিস্ট বি আকেরলুন্ড ও এন্ডি লীকম্পট তাদের সাথে রয়েছেন।
ম্যাডোনা তার টুইটার একাউন্টে নিজের ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন,‘মুক্ত কিউবা’। ছবিতে ঠোঁটে হাসি মিশ্রিত ম্যাডোনার পরনে কালো ও হলুদ ফুলে মেলানো পোশাক দেখা গেছে। মাথায় ছিল কালো হ্যাট।
ভক্তদের পোস্ট করা ভিডিওতে ম্যাডোনাকে একই পোশাকে ওল্ড হাভানার রাস্তায় পায়চারি এবং একটি রেস্টুরেন্টে কিউবান সঙ্গীতের তালে নাচতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্র ও হাভানার মধ্যে ২০১৪ সালের ডিসেম্বরে সম্পর্ক পুনপ্রতিষ্ঠার পর যে কজন মার্কিন সেলিব্রেটি কিউবা সফর করেছেন ম্যাডোনা তার সর্বশেষ। এর আগে লিওনার্দো ডিক্যাপ্রিও, বিয়ন্স, জে-জেড, কেটি পেরি, কেনি ওয়েস্ট, উশার, প্যারিস হিলটন, কিম, কহলো এবং কোর্টনি কার্দাশিয়ান সম্প্রতি কিউবা সফর করেন।
হাভানায় ১৯৬০এর দশক থেকে মার্কিন নিষেধাজ্ঞা জারি থাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের কিউবা সফর নিষিদ্ধ ছিল।
কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা অনেকটাই শিথিল করায় মার্কিনীরা ‘সাংস্কৃতিক বিনিময়’ ধরণের কর্মসূচির আওতায় কিউবা সফর করতে পারছে।




