এ রকম আজব দেশ আর নেই : শাহ মোয়াজ্জেম

বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, দেশে রিমান্ডে নেয়ার পর বন্দুক যুদ্ধে মানুষ হত্যা করা হচ্ছে। এ রকম আজব দেশ আর নেই। তিনি বলেন, ছাত্রলীগ ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের ধরা হয়না, অথচ নিরীহ ছাত্রদের ধরে নির্যাতন করা হচ্ছে।
সরকার মিথ্যা মামলায় তারেক রহমানকে সাজা দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামীলীগ নেতা শেখ সেলিম বলেছেন নিম্ন আদালতের বিচারক নাকি তিন কোটি টাকা ঘুষ নিয়ে খালাসের রায় দিয়েছিলেন। তাহলে কি উনি সেখানে ছিলেন? বিচার বিভাগের প্রতি এভাবে দোষারোপ করায় প্রধান বিচারপতিকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার দাবি জানান শাহ মোয়াজ্জেম।
তিনি বলেন, নির্যাতন, অপশাসন ও ব্যাংক লুটপাটের কথা মানুষ যাতে ভুলে যায় সেজন্য জঙ্গিবাদ ইস্যু সামনে আনা হয়েছে। অথচ সরকারের মধ্যেই জঙ্গি রয়েছে। তারাই জঙ্গিদের লালন পালন করছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যন তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব বারিস্টার মাহবুব উদ্দিন খোকন, স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিএনপি নেতা শাহ মোহাম্মদ আবু জাফর, খালেদা ইয়াসমিন, মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।




