দ ‘বারের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিদায়

দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিদায় নিয়েছে। বুধবার রাতে তারা হন্ডুরাসের সাথে ১-১ গোলে ড্র করে প্রথম পর্ব থেকেই বাদ পড়েছে। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য তাদের এই ম্যাচে জয় প্রয়োজন ছিল। এই গ্রুপ থেকে পর্তুগাল ও হন্ডুরাস কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়েছে।
হন্ডুরাসের সমান আর্জেন্টিনার পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানে পিছিয়ে বাদ পড়েছে তারা।
গ্রুপের অন্য ম্যাচে আলজেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে পর্তুগাল।
প্রথম দুই রাউন্ড শেষে গোল ব্যবধানে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে থাকায় শেষ আট নিশ্চিত করতে ১ পয়েন্ট দরকার ছিল হন্ডুরাসের। সেই কৌশল নিয়েই মাঠে নামে তারা।
শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা আর্জেন্টিনা কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি। তাদের সবচেয়ে বেশি হতাশ করেছে আক্রমণভাগের দুই ভরসা জোনাথান কায়েরি ও আনহেল কোয়েররা।
৩৮তম মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন কায়েরি। অনেক সময় পেয়েছিলেন তিনি, ধারে কাছে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। কিন্তু বল লক্ষ্যেই রাখতে পারেননি এই ফরোয়ার্ড। দুই মিনিট পর ডি বক্সের ভেতর থেকে গোলরক্ষক বরাবর মেরে সুযোগ হাতছাড়া করেন কোয়েররা।
প্রথমার্ধের যোগ করা সময়ে আর্জেন্টিনাকে চেপে ধরে প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলা হন্ডুরাস। এই সময়ে দারুণ ডাইভে একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন আর্জেন্টিনার গোলরক্ষক জেরোনিমো রুয়ি। একটু পরেই পেনাল্টি পায় হন্ডুরাস। তবে দারুণ ডাইভে ব্রায়ান একস্তার শট ঠেকিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে মার্সেলো পেরেরার ফাউলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে কোরেয়ার শট পোস্টে লেগে বাইরে গেলে এগিয়ে যাওয়ার সুযোগটি নষ্ট হয়।
৭২তম মিনিটে আবার পেনাল্টি পায় হন্ডুরাস। এবার আর ফেরাতে পারেননি রুয়ি। লুজানোর শট তাকে ফাঁকি দিয়ে পৌঁছায় জালে। যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে মার্তিনেসের গোলে সমতা ফেরায় আর্জেন্টিনা। ক্ষণিকের জন্য আশা জাগলেও জয়সূচক গোলের দেখা আর পায়নি তারা।



