sliderআইন আদালতশিরোনাম

বিচার বিভাগের দ্রুত সংস্কার চেয়েছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি

দেশের বিচার বিভাগের দ্রুত সংস্কার চেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে বিচারপতিকে ফোন করে প্রভাব বিস্তার করায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফোনালাপ প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। একইসাথে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কত লোক মারা গেছে, তার সংখ্যা নিরূপণ করে দ্রুত প্রকাশের দাবি করেন ব্যারিস্টার মাহবুব।

তিনি বলেন, গত ১৬ বছর বিচার বিভাগ আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণে ছিল। বিচার বিভাগ নিয়ন্ত্রণে ছিল বলেই মানুষ ন্যায়বিচার পায়নি। বিচার বিভাগকে ব্যবহার করে হাসিনা সরকার ক্ষমতায় ছিল। অনেক বিচারক রাজনৈতিকভাবে বিচার করেছেন। আইনজীবী সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়েছেন। এদের অপসারণ করতে হবে। তবে ভালো বিচারক যারা তাদের নিয়ে কোনো আপত্তি নেই।

হাইকোর্টে নতুন বিচারক নিয়োগ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, নতুন বিচারক নিয়োগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এখনো পদক্ষেপ নেয়নি। বিচারক নিয়োগের কোনো নীতিমালা করা হয়নি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অবশ্যই মেধাবী, সৎ ও যোগ্যদের বিচারক নিয়োগ করতে হবে।

তিনি বলেন, গত ১৬ বছরে দুদক কিছু দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এখনো অনেক দুর্নীতিবাজের দুর্নীতির কথা মিডিয়ায় আসছে। গত ১৬ বছরে দুদক আইন অনুযায়ী দায়িত্ব পালন করেনি। এটা এখন রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে গেছে। দুদকের কৌঁসুলিরাও এর সহযোগী। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এখনো দুদকে রয়ে গেছেন। উনি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিরোধিতা করেছেন। ওই আইনজীবীকে পদত্যাগ করতে হবে।

ব্যারিস্টার খোকন বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য বিরোধী নেতাকর্মীদের ক্রসফায়ারে দেয়া হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কত লোক মারা গেছে তার সংখ্যা এখনো নিরূপণ করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত এই সংখ্যা প্রকাশ করা।

তিনি বলেন, সাবেক আইনমন্ত্রী কোন কোন বিচারককে ফোন করে রায় ঘোষণায় প্রভাব বিস্তার করেছিলেন, তার ফোন রেকর্ড প্রকাশ করা উচিত।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি। দেশের টাকা কারা চুরি করল সেটা জনগণের জানা দরকার বলে গুরুত্বারোপ করেন তিনি।

সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button