স্কাইপ চলবে না যেসব ডিভাইসে

মাইক্রোসফটের ভিডিও চ্যাট ও ভয়েস কলসেবা স্কাইপকে পিয়ার-টু-পিয়ার (পিটুপি) প্লাটফর্ম থেকে শিগগিরই ক্লাউড কম্পিউটিং প্লাটফর্মে রূপান্তর করবে। এ জন্য বেশ কিছু অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ স্মার্টফোনে স্কাইপ চলবে না বলে ঘোষণা দিয়েছে প্রভাবশালী সফটওয়্যার নির্মাতা কোম্পানিটি। আগামী অক্টোবর থেকে ওইসব ডিভাইসে সেবাটি ব্যবহার করা যাবে না। অ্যান্ড্রয়েড প্লাটফর্মে স্কাইপের সর্বশেষ সংস্করণ ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ৪.০.৩ সংস্করণ অথবা এর পরের সংস্করণ লাগবে। যেসব গ্রাহকের ডিভাইসে অ্যান্ড্রয়েড ওএস ২ দশমিক ৩ অথবা তার পরের সংস্করণ রয়েছে, তারা স্কাইপ ৪ সংস্করণ ব্যবহার করতে পারবেন। উইন্ডোজ প্লাটফর্মের ক্ষেত্রে যারা উইন্ডোজ ফোন ৮-এর পরের সংস্করণ ব্যবহার করছেন, তারাই শুধু স্কাইপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীদের উন্নত সেবা দিতেই স্কাইপ কর্তৃপক্ষের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।




