ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন ঢাকার কল্যাণপুর এলাকায় জঙ্গি-বিরোধী অভিযানে যারা নিহত হয়েছে তাদেরর সবার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন জঙ্গিদের বেশিরভাগই উচ্চশিক্ষিত।
তবে কিসের ভিত্তিতে সন্দেহভাজন জঙ্গিদের বয়স এবং শিক্ষাগত বিষয় নিয়ে নিশ্চিত হওয়া গেল সে বিষয়ে তিনি ব্যাখ্যা দেননি।
পুলিশ কমিশনার একই সাথে বলেছেন ,নিহত ‘জঙ্গিদের’ পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন তাদের পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ কাজ করছে।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন কল্যাণপুরের সন্দেহভাজন জঙ্গিরা এবং গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলাকারীরা একই দলের সদস্য।
তিনি বলেন, “ তাদের বয়স, পোশাক এবং কিছু মোটামুটিভাবে মিল আছে।”
পুলিশ কমিশনারের বর্ণনায় নিহত জঙ্গিদের পরনে কালো পাঞ্জাবি এবং জিন্সের প্যান্ট ছিল। একজন ছাড়া বাকি সবার পায়ে কেডস পরা ছিল বলে উল্লেখ করেন তিনি।
কল্যাণপুরের জঙ্গি-বিরোধী অভিযানকে ‘ইতিহাসের অন্যতম সফল অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন পুলিশ কমিশনার। বিবিসি




