‘কবে টেস্ট খেলেছি মনে নেই’

ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসলে দীর্ঘ প্রায় ১৪ মাস পরে টেস্ট ক্রিকেট খেলতে নামবে বাংলাদেশ। হঠাৎ করে টেস্ট খেলাটা বেশ কঠিন বলেই মানছেন জাতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার নাসির হোসেন। তবে ওয়ানডেতে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানানো সমস্যা হবে না বলে বিশ্বাস করেন তিনি।
নাসির হোসেন বলেন, ‘টেস্ট অবশ্যই কঠিন। বাংলাদেশে হলে ঠিক আছে। আর যদি বাইরে হয় বাংলাদেশের জন্য একটু হলেও কঠিন। শেষ কবে টেস্ট খেলেছি আমার মনে নেই। অবশ্যই আমাদের জন্য অনেক কঠিন হবে টেস্টটা। আমরা যতো বেশি টেস্ট খেলবো ভালো করার সুযোগ ততো থাকবে। একটু হলেও তাই আমাদের জন্য কঠিন হবে।’
আগামী ৩০ শে সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের।
কিন্তু কিছুদিন আগে গুলশানের এক রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় দেশের ক্রিকেটে এখন অস্থিরতা বিরাজ করছে। ফলে ইংল্যান্ডের বাংলাদেশ সফরও এখন অনেকটা অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।
তবে ইংল্যান্ড সফরের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না নাসির হোসেন। বরং এই মুহূর্তে অনুশীলনে সম্পূর্ণ মনোযোগ তার। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেএমনটাই জানালেন তিনি। নাসির বলেন, ‘ইংল্যান্ডের আসা না আসা নিয়ে কেউ চিন্তা করছে না। আমাদের সবার ফোকাস এখন ১৪-১৫ দিনের ফিটনেস অনুশীলনের দিকে।’
কয়েকদিন আগে শুরু হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্প। তাই ইংল্যান্ড সিরিজ নিয়ে না ভেবে নিজের সব মনোযোগ এখন ফিটনেসের দিকেই রাখছেন নাসির। নয়া দিগন্ত




