হোটেল-রেস্তোরাঁ উচ্ছেদ না করে সংরক্ষণের দাবি

আবাসিক এলাকা থেকে হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য বিনোদন স্থাপনা উচ্ছেদ না করে সংরক্ষণের দাবি জানিয়েছে ফেডারেশন অব হোটেল, গেস্টহাউস অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা এম এইচ রহমান। বক্তব্যে বলা হয়, অভিজাত আবাসিক এলাকায় বাস্তব প্রয়োজনের তাগিদে গড়ে ওঠা হোটেল-রেস্টুরেন্ট উচ্ছেদ পর্যটন শিল্প উন্নয়ন ও বিদেশি ক্রেতা এবং পর্যটকদের আস্থা অর্জনের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি গুলশানে হামলার পরিপ্রেক্ষিতে এই সংগঠনভুক্ত অধিকাংশ প্রতিষ্ঠান ইতিমধ্যে সিকিউরিটি আর্চওয়ে, মেটাল ডিটেক্টর ও সিসিটিভি স্থাপনসহ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। উন্নত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সহযোগী হিসেবে এসব প্রতিষ্ঠান দায়িত্ব পালন করছে।
বক্তব্যে বলা হয়, অভিজাত এলাকার বাজেট হোটেল ও উন্নত মানের গেস্টহাউসগুলোতে প্রতি রাতে কমপক্ষে তিন হাজার বিদেশি অবস্থান করে। এ প্রতিষ্ঠানগুলো থেকে সরকার বৈদেশিক মুদ্রা, মূল্য সংযোজন কর ও কর পাচ্ছে। এ ছাড়া বাণিজ্যিক হারে গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ও অন্যান্য শুল্ক আদায় করছে। সরকারের উচ্ছেদের সিদ্ধান্তে এসব প্রতিষ্ঠানের ব্যবসায় ধস নেমেছে। প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে। এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।




