যুক্তরাষ্ট্র-ইরান সঙ্ঘাত অনিবার্য!

ইরানের স্বার্থের বিরুদ্ধে আমেরিকা যে ‘ক্ষতিকর’ ব্যবস্থা নিয়েছে তার পরিপ্রেক্ষিতে দেশটির সঙ্গে ইরানের সঙ্ঘাত অনিবার্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী চালু অবস্থায় রাখতে লারিজানি এর সাথে সংশ্লিষ্ট পরমাণু কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুনসহ আমেরিকার রাজনীতিকরা ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা পত্র বা জেসিপিওএ বিরোধী যেসব কর্মকাণ্ড চালাচ্ছেন তার প্রতিক্রিয়ায় লারিজানি আজ (বুধবার) এসব মন্তব্য করেন।
ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাশ্চাত্যের সঙ্গে দেশটির ‘পরমাণু সমঝোতার প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়’ বলে সম্প্রতি বান কি মুন জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক প্রতিবেদনে দাবি করেছেন। সেখানে ইরানের প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো বন্ধ করারও আহ্বান জানানো হয়েছে। এছাড়া, প্রতিবেদনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়বে বলে দাবি করা হয়েছে।
লারিজানি বলেন, ‘ইরানের সংসদ জাতিসঙ্ঘ মহাসচিবের পদক্ষেপকে অত্যন্ত দুঃখজনক হিসেবে আখ্যায়িত করছে। মার্কিন প্রশাসন, প্রতিনিধি পরিষদ এবং সিনেটের পরমাণু সমঝোতা বিরোধী ক্ষতিকর কর্মকাণ্ড এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমেরিকার সঙ্গে সঙ্ঘাতে যাওয়া ছাড়া ইরানের সামনে আর কোনো পথ খোলা নেই।’
লারিজানি জেসিপিওএ প্রসঙ্গে বলেন, একদিকে বান কি মুন তার প্রতিবেদনে বলছেন যে, সমঝোতার প্রতি ইরানের প্রতিশ্রুতিগুলো আশাব্যঞ্জক। অন্যদিকে সমঝোতা বাস্তবায়ন না হওয়ায় ইরানের উদ্বেগ এবং অভিযোগ বিষয়ে ওই প্রতিবেদনে তিনি কিছু উল্লেখ করেননি।
সূত্র : পার্স টুডে




