slider

সিংগাইরে কুপিয়ে হত্যা মামলায় প্রধান আসামীসহ গ্রেপ্তার-৭

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে তিন প্রতিবন্ধীর বাবা আব্দুল কুদ্দুসকে (৫২) প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামীসহ সাতজন আসামীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।

তিনি বলেন, গত ৩ ফেব্রুয়ারি সিংগাইরের চান্দহর ইউনিয়নের আটিপাড়া দেওয়ান বাড়ি মসজিদের সামনে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে কুদ্দুসকে হত্যা করে আসামীরা। এর আগে ২০ ফেব্রুয়ারি মঞ্জুরুল হক ও বখতিয়ার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল ভোর ৪ টায় ঢাকার সবুজবাগ ও হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম । গ্রেপ্তারকৃতরা হচ্ছে- প্রধান আসামী সিংগাইর উপজেলার আটিপাড়া এলাকার হযরত আলীর ছেলে কালাম (৪৫), ইউপি সদস্য গফুর(৪১), হাকিম আলীর ছেলে মিলন (৩২), কালামের ছেলে জুবায়ের (২২), সিরাজপুর এলাকার সামসুল হকের ছেলে মোখলেস (৩৮), ওমেদ আলীর ছেলে আবুল হোসেন(৪৮), আবুল হোসেনের ছেলে আওয়াল(২৩)।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি সকালে দু’গ্রুপের আধিপত্য বিস্তার ও জমিসংক্রান্ত বিরোধের জেরে দু’দফায় সংঘর্ষে আহত হন আব্দুল কুদ্দুস (৫২) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।
নিহতের পরিবার ও স্বজনদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ হত্যাকান্ডের ঘটনা হয়েছে। নিহত কুদ্দুস মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত মিনাজ উদ্দিনের ছেলে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button