
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে ১৫ আগস্টকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মহড়া চলাকালে শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নলছিটি উপজেলা শাখার প্রচার সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান আকন্দ এবং উপজেলার দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের মহড়া শুরু হয়। একাধিক মোটরসাইকেল ও পুলিশ পিকআপ নিয়ে পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সড়কে টহল দেয়। এ সময় পুলিশের অভিযানে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, ১৫ই আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সতর্ক অবস্থানের অংশ হিসেবে পুরো উপজেলায় মহড়া দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



