
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাইবার অপরাধ, সন্ত্রাস মোকাবিলা, গণতন্ত্র রক্ষা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন।
সেইসাথে তিনি বলেন, আজকে সারা বিশ্ব যখন জঙ্গীবাদের উৎপাত দ্বারা আক্রান্ত তখন গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেকারণেই সাইবার অপরাধ ও সন্ত্রাস দমন, গণতন্ত্রকে রক্ষা ও টেকসই উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ নিয়েও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ রাজনৈতিক ও আর্থ-সামাজিক বিষয়ে ঘনিষ্ঠ মিত্র’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সাইবার অপরাধ, সন্ত্রাস মোকাবিলা, গণতন্ত্র রক্ষা ও টেকসই উন্নয়ন- চারটি বিষয়েই বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র গভীরভাবে ও একসঙ্গে কাজ করবে বলে আমরা একমত হয়েছি।’
এসময় মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘আমরা গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে আলোচনা করেছি। পৃথিবীর যে কোনো দেশেই গণমাধ্যমের উন্নয়নের সুযোগ রয়েছে। এ বিষয়ে আমরা কিভাবে সহযোগিতা দিতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে।’ বাসস



