মানিকগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল পুলিশি বাঁধায় পণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি : অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মানিকগঞ্জে বাংলাদেশ বিএনপির কালো পতাকা মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে হরিরামপুরে কালো পতাকা মিছিল করেছে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
অপরদিকে একই দাবিতে সকালে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকা থেকে একটি মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধায় কর্মসূচি করতে না পেরে নেতা-কর্মীরা চলে যায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, দফতর সম্পাদক অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজিব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান উজ্জলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, কেন্দ্রীয় ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, আগামীতে যেকোনো কর্মসূচিতে বাধা প্রদান করা হলে তা উপেক্ষা করেই কর্মসূচি সফল করা হবে এবং বাধা দেয়া হলে যেকোনো পরিস্থিতির জন্যে সরকার দায়ী থাকবে। ভোটচোর, গণবিচ্ছিন্ন, স্বৈরাচারী এই সরকারের পতন ঘটাতে দল-মত নির্বিশেষে দেশের সাধারণ মানুষ খুব শিগগিরই রাস্তায় নেমে আসবে। তাদের সময় শেষ বুঝেই তারা জুলুমের রাজত্ব কায়েম করেছে।



