মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে জাতিসঙ্ঘের আহ্বান

মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করতে বাংলাদেশের সব দলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ।
মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বিশ্বসংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারেক এ আহ্বান জানান। তাকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশে চলতি মাসের শুরুতে সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছতার সাথে সফলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে প্রধান বিরোধী দল বিএনপি সন্ত্রাসবাদী কর্মকান্ডের মাধ্যমে নির্বাচন ভন্ডুল করা চেষ্টা করেছিল। এ ব্যাপারে আপনার মন্তব্য কি?
জবাবে ডুজারেক বলেন, আমরা সব দলকে সব ধরনের সহিংসতা পরিহার করতে এবং মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করার আহ্বান জানাই।
মুখপাত্রকে আবারো প্রশ্ন করা হয়, গণতান্ত্রিক আন্দোলনের ছদ্দাবরণে বাস ও ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যাকে জাতিসঙ্ঘ কি মানবাধিকারের লঙ্ঘন হিসাবে বিবেচনা করে?
জবাবে ডুজারেক বলেন, যেই করুক না কেন আমরা কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেই না।




