উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কমিউনিটি রেডিও সহায়ক হবে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে এবং তৃণমূল জনগণের কাছে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে কমিউনিটি রেডিও উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে এসে দেশকে এগিয়ে নিতে সরকার বেসরকারি সংগঠনের সহায়তায় দেশব্যাপী কমিউনিটি রেডিও প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সকালে গাইবান্ধা শহরের এক প্রান্তে এসকেএসইন-এ রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাশেল আহমেদ লিটন।
জেলা প্রশাসক এম আবদুস সামাদ, পুলিশের এসপি এম আশরাফুল ইসলাম, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পরিচালক ড. তাপস কুমার এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
মন্ত্রী বলেন, কমিউনিটি রেডিও চরবাসী ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের দুঃখ-কষ্টের কথা তুলে ধরবে। তাদের সমস্যা সমাধানের মাধ্যমে জীবন মানের পরিবর্তনে কমিউনিটি রেডিও ভূমিকা পালন করবে।
তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে রেডিও স্টেশন কাজ করবে।
তিনি বলেন, ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের দেশে পরিণত করতে পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০টি অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে কমিউনিটি রেডিও সহায়ক হবে।
পরে অনুষ্ঠানে রেডিও সারাবেলার শিল্পীরা সংগীত পরিবেশন করেন।জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা এবং এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাসস




