ইউরো ফাইনাল ঘিরে ফ্রান্সে কড়া নিরাপত্তা

ইউরোর ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও পর্তুগাল। স্থানীয় সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচটি হবে।
১৯৯৮ বিশ্বকাপের পর ঘরের মাঠে ফাইনাল খেলছে ফ্রান্স। ভক্ত ও সমর্থকদের চাপ থাকবে আকাশচুম্বী। পর্তুগিজ দর্শকদের উপস্থিতিও থাকবে অনেক। স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামের আসন সংখ্যা ৮১ হাজার ৩৩৮। এর বাইরে বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনে সরাসরি খেলা দেখানো হবে। এ কারণে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে ফ্রান্স। ফরাসি পুলিশ জানিয়েছে, ৫ হাজারের বেশি পুলিশ স্টেডিয়াম, ফ্যান জোন ও আইফেল টাওয়ার এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবে।
ফ্যান জোনে ১ হাজার ৯০০ এবং স্টেডিয়াম এলাকায় ৩ হাজার ৪০০ পুলিশ মোতায়েন থাকবে। গত বছরের নভেম্বরে প্যারিসে আত্মঘাতী হামলায় ১৩০ জন নিহত হন। এরপর থেকে প্যারিসে নিরাপত্তা জোরদার করা হয়। এদিকে ভিক্টরি প্যারেডের (ফ্রান্স জিতলে) ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স পুলিশ। ১৯৯৮ সালে বিশ্বকাপ জয়ের পর ভিক্টরি প্যারেডে ১ মিলিয়ন ফুটবলপ্রেমী শিরোপা জয়ের উল্লাস করেছিল। ১৮ বছর পর একই সম্ভাবনার সামনে দাঁড়িয়ে ফ্রান্স। এ কারণে ভিক্টরি প্যারেড নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
এবারের ইউরোতে স্তাদে দে ফ্রান্সে ১১টি ম্যাচ সফলতার সঙ্গে আয়োজন করেছে ফ্রান্স। স্থানীয় মেয়রের বিশ্বাস- অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ছাড়াই এবারের ইউরোর পর্দা নামবে।




