
শোলাকিয়ায় ঈদের জামাতের কাছে জঙ্গী আক্রমণের সময় পুলিশের গুলিতে নিহত সন্দেহভাজন হামলাকারী আবির রহমানের ভাই আশিকুর রহমান বলছেন, অনলাইনে আবির কি করছে সে সম্পর্কে তারা জানতেন না এবং এখন তারা বুঝতে পারছেন যে তাদের আরো সতর্ক হওয়া উচিৎ ছিল।
আবির রহমান গত চার মাস ধরে নিখোঁজ ছিলেন। কিন্তু গুলশানে হোলি আর্টিজানে আক্রমণের পর যখন জানা যায় যে হামলাকারীরা সবাই ঢাকার বিভিন্ন সচ্ছল পরিবার থেকে নিখোঁজ হয়ে যাওয়া তরুণ, এবং অনেক পরিবার থেকেই এরকম তরুণ ছেলেদের নিখোঁজ হবার ঘটনা ঘটেছে – তখনই তারা ব্যাপারটা পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেন।
আশিকুর রহমান আরো বলেন, আবির ধার্মিক ছিল, নিয়মিত নামাজ পড়তো, দাড়ি রেখেছিল। কিন্তু অতিমাত্রায় ধর্মপরায়ণতা তার মধ্যে ছিল না, এবং এটা অস্বাভাবিক কিছু বলে তাদের মনে হয় নি।
বিবিসি বাংলার মোয়াজ্জেম হোসেনকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে আশিকুর রহমান বলেন, তবে এখনকার পরিস্থিতির আলোকে তার মনে হচ্ছে যে একটা কিছু আঁচ করা উটিৎ ছিল।
“ফেসবুকে আবির কি করছে, কাদের সাথে মিশছে – সে সম্পর্কেও আমরা কিছু জানতাম না।”
কিন্তু এখন তারা বুঝতে পারছেন, অনলাইনে তার ভাই কি করছে সেসম্পর্কে তাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল, বলছিলেন মি. রহমান।
কেন চার মাস আগে আবির বাড়ি ছেড়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় – তা সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না পরিবারের কেউই। তারা এ নিয়ে পুলিেশর কাছেও যান নি।
তবে গুলশানের ঘটনার পর যখন সংবাদমাধ্যমে খবর বের হয় যে অনেক পরিবারের ছেলেই নিখোঁজ আছে – তখনই আবিরের পরিবার পুলিশের কাছে ব্যাপারটা জানানোর সিদ্ধান্ত নেন।
থানায় জিডি করার দুদিন পার না হতেই শোলাকিয়ার আক্রমণের ঘটনায় আবিরের নিহত হবার খবর পান তারা।
এ-লেভেলের পরই অস্ট্রেলিয়া যাবার ইচ্ছে ছিল আবিরের। কিন্তু তা সম্ভব না হওয়ায় মনক্ষুণ্ণ হয়েছিল সে – জানিয়েছেন তার ভাই । পরে সে ঠিখ করে যে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করার পরই সে যাবে।
কিন্তু চার মাস আগে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় আবির। তার ঘরের বারান্দায় ফুলের গাছ ছিল, খাঁচায় পোষা পাখী ছিল।
যাবার আগে সে পাখীগুলো ছেড়ে দিয়ে গেছে, বলছিলেন আবিরের ভাই, আশিকুর রহমান।




