অপরাধশিরোনাম

সোনারগাঁওয়ে গার্মেন্ট থেকে সাড়ে ৩ কোটি টাকার বিদেশী মদ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরীর গঙ্গানগর এলাকার রফতানিমুখী গার্মেন্ট থেকে সাড়ে ৩ কোটি টাকা মুল্যের বিদেশি হুইস্কি উদ্ধার করেছে র‌্যাব। আজ সোমবার সকালে র‌্যাব ১১ এর একটি টিম অভিযান চালিয়ে ৪ হাজার ২শ’ ৪৪ বোতল বিদেশি এ মদ উদ্ধার করে। তবে অভিযানের সময়ে কাউকে আটক করা যায়নি।
আজ সোমবার দুপুরে আদমজীতে অবস্থিত র‌্যাবের সদর দফতরে সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর লে. কর্নেল কামরুল হাসান এ তথ্য জানান।
তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, তিনি ও র‌্যাব-১১ এর এএসপি মো: আলেপ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর গঙ্গানগর এলাকার জনৈক জাহিদ হোসেনের মালিকানাধীন এমএম ট্রেড অ্যাপারেলসের চার তলা বিল্ডিংয়ের ৩য় তলার দক্ষিণ পাশে একটি কক্ষের ভিতর অভিযান চালায়। গতকাল রোববার রাত ১২টা থেকে আজ সোমবার সকাল এ অভিযান চলে। ওই সময়ে ৪২৪৪ বোতল বিদেশী মদ (হুইস্কি) উদ্ধার করা হয়। র‌্যাব ঘটনাস্থলে পৌছার পূর্বেই মাদকের ডিলার ও মাদক ব্যবসায়ের সাথে জড়িত তিন মাদক বিক্রেতা জাহিদ হোসেন (৫৫), নাছির (৪৫) ও নাছিরের ম্যানেজার সুমন (৩৫)পালিয়ে যায়।
প্রাথমিক তদন্তে জানা যায়, উল্লেখিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ এমএম ট্রেড অ্যাপারেলস গার্মেন্টের বিভিন্ন দ্রব্যসামগ্রীর নামে বিদেশ থেকে কনটেইনারের মাধ্যমে অবৈধ পন্থায় বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদ (হুইস্কি) আমদানি করত। এরপর তারা সেগুলো অত্যন্ত গোপনীয়তার সাথে অন্যত্র পরিবহন ও কালোবাজারে বিক্রি করত।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে র‌্যাব আরো জানান, ২/১ দিন পরপর গভীর রাতে ঢাকা হতে জনৈক নাছির ও তার সহযোগী ম্যানেজার সুমন প্রয়োজনীয় গাড়ি ও নিজস্ব শ্রমিকসহ এসে বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশনের বড় কার্টনে ভর্তি করে এসব মাদক এখান থেকে অন্যত্র স্থানান্তর করত। র‌্যাব-১১ এর বিশেষ আভিযানিক দল তাদের গতিবিধি নজরদারী করে পুরোপুরি নিশ্চিত হওয়ার পর মাদকের গোডাউনটি শনাক্ত করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ব্যাপারে সোনারগাঁও থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত বিদেশি মদ থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টাও অব্যাহত রয়েছে।
সুত্র: নয়াদিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button