ইসরাইলকে আফ্রিকান জোট:ফিলিস্তিন ছেড়ে যাও

ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর নিপীড়ন- নির্যাতন চালানো ইসরাইলকে অনতিবিলম্বে সে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে আফ্রিকান জোট। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনে এক বিবৃতিতে এই আহ্বান জানায় ৫৪ দেশের জোটটি।
বিবৃতিতে ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব ছাড়তে বলা হয় ইসরাইলকে। এ ছাড়া হাজার হাজার ফিলিস্তিনিকে আটকে রাখা, ২০ লাখ ফিলিস্তিনিকে অবরোধে রাখারও তীব্র নিন্দা জানানো হয় এবং দ্রুততর সময়ের মধ্যে তাদেরকে মুক্ত করে দিতে বলা হয়।
১৯৬৭ সালে ইহুদিরা ফিলিস্তিনের পূর্ব আল কুদস এবং জর্দান নদীর পশ্চিম তীর দখল করে নেয়। সেখানে ২৩০টিরও বেশি অবৈধ বসতির মাধ্যমে ১০ লাখ ইহুদি অবৈধভাবে বসবাস করছে। সারা বিশ্বা ইসরাইলের এই পদক্ষেপকে অবৈধ মনে করে।
আফ্রিকান জাতিসংঘের মানবাধিকার কমিশনে পাঠানো বিবৃতিতে বলেছে, এই সব অবৈধ বসতি ছেড়ে দ্রুত ইসরাইল চলে যাক। ফিলিস্তিনের মানুষকে বর্তমান পরিস্থিতি থেকে বের করে আনার জন্য আন্তর্জাতিক বিশ্বকে কাজ করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।




