
আগামী বছরের মার্চের মধ্যে ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেয়ার কাজ শেষ করার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বেড়া নির্মাণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট এজেন্সিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সুশীল কুমার ওই নির্দেশ দেন।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ২০১৭ সালের জুনের মধ্যে আসামের ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেয়ার কাজ শেষ করার কথা বলেছিলেন। তাঁর পরপর সুশীল কুমারও ত্রিপুরা সীমান্তে বেড়া দেয়ার কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিলেন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, সীমান্তে বেড়া নির্মাণ কাজে নিয়োজিত সমস্ত এজেন্সিকে ২০১৭ সালের মার্চের মধ্যে বেড়া দেয়ার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র সচিব। এক্ষেত্রে সৃষ্ট নানা সমস্যা রাজ্য সরকার এবং বিএসএফকে শান্তিপূর্ণভাবে সমাধান করতে বলা হয়।
উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে ত্রিপুরা রাজ্যের সঙ্গে ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের।




