
সমাপনী পরীক্ষা উঠিয়ে দেয়ার প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদন পায়নি। ফলে এবারও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আগের মতোই সমাপনী ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি বা জেডিসি পরীক্ষা দিতে হবে।
এর আগে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয়। গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা ছিলো এ বছর থেকেই সমাপনী পরীক্ষা উঠিয়ে দেয়ার। কিন্তু মন্ত্রিসভায় এটি অনুমোদন পায়নি। মন্ত্রিসভা থেকে বলা হয়েছে আরো বিস্তারিক পর্যালোচনা শেষে নতুন করে প্রস্তাবনা পাঠাতে।
মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন মন্ত্রি পরিষদ সচিব মো. শফিউল আলম। তিনি বলেন, ‘সমাপনী পরীক্ষা উঠিয়ে দেয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভায় চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত আগের মতোই পরীক্ষা চলতে থাকবে।’
মে মাসে জাতীয় শিক্ষানীতির আলোকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা উন্নীত করা হয়। পুরো প্রক্রিয়া বাস্তবায়ন করার ভার সরকার গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করে। ২০০৯ সাল থেকে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা সমাপনী হিসেবে নেয়া হচ্ছে।




