sliderখেলাশিরোনাম

ক্ষমা না চেয়ে নতুন ভিডিওতে যুক্ত করা হলো ইমরান খানকে

বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে বাদ দিয়েই সাজানো হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাফল্যগাঁথা প্রামাণ্যচিত্রে। পরে প্রবল সমালোচনায় মুখে ওই ভিডিও সরিয়ে নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে বোর্ড। তবে ইমরানের কাছে কোনো রকম ক্ষমা চাওয়া হয়নি।

প্রযুক্তিগত সমস্যার অজুহাত দেখিয়েছে পিসিবি। সমর্থকেরা তাতে মোটেই সন্তুষ্ট নন। তাদের স্পষ্ট দাবি, সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরানের কাছে ক্ষমা চাইতে হবে পিসিবিকে। ক্ষিপ্ত হয়েছে অনেকেই। ওই তালিকায় রয়েছেন পাকিস্তানের আরেক কিংবদন্তি ওয়াসিম আকরাম।

তিনি আগের ভিডিও দেখে সেটি মুছে ফেলার জন্য বলেছিলেন পিসিবিকে।

১৬ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে পিসিবির তরফে নতুন একটি ভিডিও আপলোড করা হয়। এর ক্যাপশনে জানানো হয়, দৈর্ঘ্যের কারণে আগের ভিডিওটি সংক্ষিপ্ত করা হয়েছিল। যার ফলে কিছু গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায়। সেগুলো সংশোধন করে নতুন ভিডিও আপলোড করা হয়েছে।

পিসিবির এই যুক্তিতে কেউ সন্তুষ্ট হতে পারেননি। তাদের দাবি, সমস্যা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক কারণেই যে ইমরানকে বাদ দেয়া হয়েছিল, তা স্পষ্ট হয়ে গেছে বলে মনে করছে কেউ কেউ। নতুন ভিডিওতে ইমরানের কাপ তোলার দৃশ্য রয়েছে। তেমনই দু’-একটি ছোট ছোট অংশে তাকে দেখা গেছে।

প্রথম ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াসিম আকরাম লিখেছিলেন, ‘বিমানে লম্বা সফর ও ট্রানজিটে দীর্ঘক্ষণ কাটিয়ে শ্রীলঙ্কায় ঢোকার পর জীবনের সবচেয়ে বড় আঘাতটা পেলাম পাকিস্তান বোর্ডের ভিডিও দেখে। পাকিস্তান ক্রিকেটের ইতিহাসের বর্ণনা দেয়া ভিডিওতে ইমরান খানই নেই! রাজনৈতিক মতভেদ থাকবেই। কিন্তু ইমরান বিশ্ব ক্রিকেটের একজন নক্ষত্র। নিজের সময়ে পাকিস্তানের ক্রিকেটকে বিশ্বের অন্যতম শক্তিশালী দল করে তুলেছিল, যা পরের দিকে আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। পিসিবির উচিত অবিলম্বে ভিডিও মুছে ফেলে ক্ষমা চাওয়া।’

পিসিবি ভিডিওটি মুছে ফেলেছে ঠিকই। কিন্তু ক্ষমা চায়নি।

নতুন ভিডিওটি নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে পিসিবিকে। এক সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘যদি ভিডিওর দৈর্ঘ্য বেড়ে গিয়েই থাকে, তা হলে রাজনীতিবিদদের বক্তব্য কেটে দেয়া উচিত ছিল। কিন্তু দেশের সবচেয়ে বড় ক্রিকেটতারকার অংশটাই কেটে দেয়া হলো। এতেই বুঝা যায়, তোমরা কতটা প্রতিহিংসাপরায়ণ।’

আরেকজন লিখেছেন, ‘নিজেদের পায়ে কিভাবে কুড়াল মারতে হয় তা পিসিবিকে দেখে শেখা উচিত। রাজনৈতিক কারণেই যে ইমরানকে বাদ দেয়া হয়েছিল, এটা দিনের আলোর মতো স্পষ্ট।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button