
বিশ্ব পরিভ্রমণে বেরিয়েছে জ্বালানীবিহীন বিমান ইমপালস-টু। শুধুমাত্র সৌরশক্তি দিয়ে চালিত বিমানটি আপাতত নিউইয়র্ক থেকে যাবে স্পেন। এতে সময় লাগবে ৯০ ঘণ্টা। দুজন পাইলট নিয়ে এরমধ্যেই যাত্রা শুরু করেছে ইমপালস।
কথা ছিলো রোববার আকাশে ডানা মেলবে নতুন প্রজন্মের বিমানটি। কিন্তু আবাহওয়া অনূকুলে না থাকায় যাত্রা বিলম্বিত হয়। ৯০ ঘণ্টার এই যাত্রাই এখন পর্যন্ত সৌরশক্তি চালিত কোনো বিমানের সবচেয়ে বড় যাত্রা।
নিউইয়র্ক থেকে স্পেনের পথে ইমপালস পরিচালনা করবেন বারট্রান্ড পিকার্ড। পেশায় মনোচিকিৎসক হলেও তিনি বিমান চালনায়ও দক্ষ।
বারট্রান্ড পিকার্ডের সঙ্গে আছেন সুইজারল্যান্ডের পাইলট আন্দ্রে বোশবার্গ। এ দুজনই মূলত চালিয়ে যাবেন বিমানটি। একজন যখন চালকের আসনে থাকবেন, অন্যজন তখন কিছুটা সময় বিশ্রাম নিতে পারবেন বলে জানা গেছে।
ইমপালস-টু স্পেন পৌঁছার পর নির্ধারিত হবে পরবর্তী যাত্রা। সৌরশক্তি চালিত বিমানের এই যাত্রা সফল হলে ভবিষ্যতে যাত্রীবাহী বিমানও হয়তো কোনো রকম জ্বালানী ছাড়াই চলতে পারবে। গবেষকদের আশা তেমনই।




