
যশোরের মেডিকেল কলেজ হাসপাতালের জোড়া লাগানো দুই নবজাতাককে ভর্তি করা হয়েছে। তাদেরকে বিশেষ পরিচর্চায় হাসপাতালের শিশু ওয়ার্ডে রাখা হয়েছে।
চৌগাছা উপজেলার উজিরপুর এলাকার মন্টু মোল্যার স্ত্রী রিনা বেগমের শুক্রবার সকালে সিজার করা হয়। ওইসময় বুকের সঙ্গে জোড়া লাগা দুই শিশু ভূমিষ্ট হয় । যশোরের চৌগাছার ‘মায়ের দোয়া’ নামে একটা ক্লিনিকে তাকে সিজার করেন ডা. রবিউল ও ডা. কাহিন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে শিশুদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আর মা চৌগাছা ক্লিনিকে রয়েছেন। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান জানান, বর্তমানে শিশু দুটি সুস্থ আছে।
শরীরের অর্গানগুলো যদি আলাদা আলাদা থাকে, তবে ঢাকায় নিয়ে সিজারের মাধ্যমে তাদেরকে আলাদা করা সম্ভব। উন্নত চিকিৎসার্থে তাদেরকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।




