জন্ম নিবন্ধন কার্যক্রমে পুরস্কার পেলেন ইউপি সদস্য

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ :মানিকগঞ্জের ঘিওরে জন্ম নিবন্ধন কার্যক্রমে উপজেলায় সেরা পুরস্কার পেয়েছেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সাজ্জাদ হোসেন। শিশু জন্মগ্রহণের দিনেই এই জনপ্রতিনিধি বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন কাজে সহায়তা করেছেন। গত একবছরে তিনি দ্রুততার সাথে শিশুর জন্ম নিবন্ধন সম্পন্ন করেছেন।
নিবন্ধন প্রক্রিয়াকে সহজ করে নাগরিকদের প্রাপ্য সেবাটি পৌঁছে দেয়ায় সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান এ সম্মাননা পুরস্কার প্রদান করেন।
উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ হল রুমে এক বছরের নিচে শিশুদের জন্ম নিবন্ধন কাজে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু।
এসময় উপস্থিত ছিলেন, ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোখতারুজ্জামান বাবু, ইউপি সচিব রাশিদুর রহমান, গণকেন্দ্র পাঠাগারের সভাপতি আহমেদ ইকবাল, নাট্য পরিচালক গিনি আলম, ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার প্রমুখ।



