ঝালকাঠিতে আশ্রয়কেন্দ্রে গিয়ে খোঁজ নিচ্ছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলার আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।
শনিবার বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া জনগণের খোঁজখবর নেন জেলা প্রশাসক। এ সময় আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের মাঝে শুকনা খাবারও বিতরণ করা হয়।
এছাড়াও স্থানীয়দের সাথে ঘূণিঝড় ‘মোখা‘ মোকাবেলা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, ঝালকাঠি স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন শিবলী, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক, কাঠালিয়ার নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান, রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনসহ প্রমুখ।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় ঝালকাঠিতে ৬১টি সাইক্লোন শেল্টার ও ৩৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। এ আশ্রয়কেন্দ্রগুলোতে এক লাখের অধিক মানুষ আশ্রয় নিতে পারবেন। সর্বশেষ শনিবার রাত ১২টায় পাওয়া তথ্য অনুযায়ী ৭৪৭জন আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন।




