ঘিওরে লোকনৃত্য ও গাজন নাচ

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : চিরায়ত বাংলার লোকসংস্কৃতির অন্যতম নানা অনুষঙ্গ পালিত হয়েছে মানিকগঞ্জের ঘিওরে। চৈত্রের শেষদিন (চৈত্র সংক্রান্তি) ও পহেলা বৈশাখ দিন রাত জুড়ে সনাতনী ধর্মাবল্মবীরা মেতে উঠেছিল নানা আয়োজনে।
এর মধ্যে লোকনৃত্য, দেল বা দেউলের নাচ, শাকান্ন, শিব গৌরীর নৃত্যে, গাজন নাচ ও অষ্টক নাচ, মুখাকাজ, নয়ন ভানু, শিব-গৌরীর নাচ উল্লেখযোগ্য। লোকনৃত্য বা পাঁচালী, মন্ত্র, বাজনা ও অভিনয় সহকারে দলবদ্ধভাবে পরিবেশিত হয়। কোন লোকনৃত্য আবার শুধু বাজনা বা হাত তালির মধ্যদিয়েও পরিবেশিত হয়।
উপজেলার ঘিওর, বানিয়াজুরী, পয়লা, নালী, সিংজুরী, বড়টিয়া, বালিয়াখোড়া ইউনিয়নের কমপক্ষে অর্ধশতাধিক স্থানে অনুষ্ঠিত হয় এসব অনুষ্ঠান। হিন্দু ধর্মাবল্বীরা আয়োজন করলেও তা সার্বজনীন উৎসবে পরিনত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ বলেন, চৈত্র মাসের শেষ দিন থেকে শুরু হয়ে পহেলঅ বৈশাখ রাতভর নানা আচার, পূজা ও বিনোদন কেন্দ্রিক অনুষ্ঠানের প্রচলন সূদীর্ঘ কাল থেকে চলে আসছে। এখানে সব ধর্মের মানুষজন মিলেমিশে উপভোগ করেন এসব অনুষ্ঠান।
বানিয়াজুরী রাজবংশী পাড়ার অন্যতম আয়োজক অমলেন্দু রাজবংশী বিশু বলেন, গ্রামের হিন্দু সম্প্রদায়ের শিব পূজা ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিব গৌরী নৃত্যে মুখরিত ছিল। যারা শিব পূজার আয়োজন করেছেন তারা সকাল থেকে শিব-গৌরী, রাধা-কৃষ্ণ, বাঘ-ভালুক, ভূত- পেত্নী ও বেদে-বেদেনির মিছিল নিয়ে নেচে গেয়ে বাড়ি বাড়ি মাগন তুলছেন। এছাড়া বাজার ঘাটেও ঢাক-ঢোলসহ নানা বাদ্যযন্ত্র বাজিয়ে নৃত্য পরিবেশন করছেন।
শুক্রবার গভীর রাত পর্যন্ত এই শিব গৌরীর নৃত্য চলেছে বলে পূজারীরা জানিয়েছেন। কখনো ধর্মীয় বিশ্বাস, কখনোরা আবহমান বাংলার ঐতিহ্য আর লোক সংস্কৃতির মেলবন্ধন এই দিনটি ঘিরে।



