slider

সাভারে সাংবাদিক আশরাফ সিজেলকে অপহরণ চেষ্টা, গ্রেফতার ১

সোহেল রানা (ঢাকা) সাভার : সংবাদ প্রকাশের জেরে বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি সাংবাদিক আশরাফ সিজেলকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিরুদ্ধে।

রোববার দুপুরে সাভারের পৌর এলাকা ভাটপাড়া মহল্লায় আশরাফ সিজেলের বাসার সামনে থেকে তার ওপর হামলা ও অপহরণের চেষ্টা করা হয়। এ ঘটনায় আশরাফ সিজেল সাভার মডেল থানায় উপজেলা চেয়ারম্যানসহ ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন। 

অভিযুক্তরা হলেন- সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহম্মেদ, স্থানীয় সাংবাদিক ও সাভার প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রওশন। এছাড়া আরও অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধেও লিখিত অভিযোগ করা হয়েছে।

এ অভিযোগের প্রেক্ষিতে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের অনুসারী ও সাভার পৌর আওয়ামী লীগ নেতা মহসিন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। 

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে অভিযোগে উল্লেখিত মহসিন বাবুকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। 

লিখিত অভিযোগে বলা হয়, ‘আমিনবাজার ইউনিয়ন পরিষদ অফিস ঝুঁকিপূর্ণ হওয়ায় ৫ মাসেও সতর্ক হননি চেয়ারম্যান, খাস জমি দখল করে স্থাপনা নির্মাণ’ শীর্ষক শিরোনামে রোববার একাত্তর টেলিভিশনে একটি সংবাদ প্রকাশিত হলে ক্ষুব্ধ হন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও আমিনবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রকিব আহম্মেদ। তাদের নির্দেশে মহসীন বাবু, রওশনসহ অজ্ঞাতনামা ৮-১০ জন ব্যক্তি রোববার দুপুরে সাভারের পৌর এলাকা ভাটপাড়া মহল্লায় আশরাফ সিজেলের বাসার সামনে তার ওপর হামলা চালিয়ে অপহরণের চেষ্টা করেন।

আশরাফ সিজেল অভিযোগ করে বলেন, প্রতিবেদন প্রকাশের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন ক্ষুব্ধ হন। পরে তাদের নির্দেশে একদল সন্ত্রাসী আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আমাকে মারধর করে এবং বাসার সমনে থেকে অপহরণের চেষ্টা করে। পরে আমি দৌড়ে গিয়ে প্রাণ বাচাই। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করি। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। এখন শুনি আমার নামেও থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে সাংবাদিকের ওপর কেউ হামলা করে থাকলে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। আর আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ দিয়েছে। 

আমিনবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রকিব আহম্মেদ বলেন, যেই রিপোর্টটি করা হয়েছে, সেটি তো আমার জন্য ইতিবাচক। আমরাও চাই ভবনটি সংস্কার করা হোক। সে কেন আমার নামে অভিযোগ এনেছে সেটি আমার বোধগম্য নয়।

জানতে চাইলে অভিযুক্ত স্থানীয় সাংবাদিক রওশন বলেন, আমি আর ওই টিভির ক্যামেরাম্যান উজ্জ্বল দাঁড়িয়ে কথা বলছিলাম। আমি মোটরসাইকেলেই বসা। এর মধ্যে হঠাৎ দেখি আশরাফ সিজেল দৌড় দিয়েছে। এর বাইরে তো আর কিছুই হয়নি। এখন শুনি আমার নামেও অভিযোগ দেওয়া হয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, আশরাফ সিজেল বিকাল ৫টার দিকে আমাদের হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার পায়ের হাটুর উপরের অংশে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার শরীরে আর তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে সংবাদ প্রকাশের জেরে গত বছরের ১৪ আগস্ট সাভার উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে দৈনিক তৃতীয় মাত্রা ও বাংলাদেশ বুলেটিনের সাংবাদিক সোহেল রানার উপর হামলা চালানো হয়। তার উপর হামলা চালিয়ে উপজেলা চেয়ারম্যান রাজীবের সরকারি বাসভবনে আশ্রয় নেয় চিহ্নিত হামলাকারীরা। সেই ঘটনায় পুলিশের চার্জশিটভুক্ত আসামি মহসিন বাবু। শুধু তাই নয় ইতিপূর্বে মহসিন বাবুর বিরুদ্ধে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টার ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে।

এছাড়াও বেসরকারি চ্যানেল এন টিভির জাহিদুর রহমান, বাংলা ট্রিবিউন এর নাদিম ও যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মতিউর রহমান ভান্ডারীর অন্ডকোষ প্লাস দিয়ে টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠে। সাংবাদিক ও বিভিন্ন মহলে গভীর উদ্বেগসহ তীব্র প্রতিবাদ জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button