sliderস্থানিয়

পিরোজপুরে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুর প্রতিনিধি:‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির অংশ হিসেবে ভাড়ানি খালের পাড় ও আশপাশের এলাকায় প্রায় ১০০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর প্রশাসক মো. মাহামুদুর রহমান মামুন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আঃ রউফ, জেলা সভাপতি সার্জেন্ট (অব.) মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু সাঈদ ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মসূচি শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সমস্যা ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়েও সতর্ক করেন জেলা প্রশাসক। তিনি সরকারি জমি দখল, খালের পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ, অনুমোদন ছাড়া দোকান বা স্থাপনা স্থাপন এবং সড়ক দখল করে ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, সরকারি জমি ও খালের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ কিংবা সড়ক দখল করে দোকানপাট পরিচালনা মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, জেলার বিভিন্ন খাল পর্যায়ক্রমে খনন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button