রসিক নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, সিইসি

রংপুর ব্যুরোঃ রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনীসহ সকল পক্ষ মিলে আমরা চেষ্টা করব সুষ্ঠু নির্বাচন উপহার দিতে। রসিকের সম্ভাব্য প্রার্থীদের সাথে আমরা মতবিনিময় করেছি। ইভিএম এর স্বচ্ছতার বিষয়টি সকল প্রার্থীদেরকে বুঝিয়ে দিয়েছি। তারা আমাদের বিষয়ে আশ্বস্থ হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে রসিক প্রার্থীদের সাথে নির্বাচন বিষয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।
ইভিএমে ভোট গ্রহণ বিষয়ে সিইসি প্রধান বলেন, ইভিএমে ভোটের কোন কারচুপি নেই। তবে অনেক সময় ইভিএম মেশিন স্লো হয় সেটিও তাৎক্ষণি সমাধানের ব্যবস্থা থাকবে। রসিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। তাই সর্বোপরি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখার জন্য সকল প্রার্থীকে অনুরোধ করেছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, রসিকে ইভিএমের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করার সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। কেউ যদি সুন্দর পরিবেশকে নষ্ট করার পাঁয়তারা করে সেক্ষেত্রে ওইসব ব্যক্তিরা নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তাই কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের অনুরোধ করেন তারা যেন নির্বাচনী আচারণবিধি মেনে সৌহার্দ্য পরাবেশ বজায় রেখে নির্বাচন শেষ করেন।
প্রার্থীদের প্রচার প্রচারণার বিষয়ে সিইসি প্রধান বলেন, সড়কের উপরে বা জনভোগনের দুর্ভোগ সৃষ্টি করে কোন প্রার্থী তাদের নির্বাচনী ক্যাম্প করতে পারবে না। এই ধরনের কোন অভিযোগ আসলে কর্তৃপক্ষ সেই ক্যাম্পটি অপসারণ করবেন বলেও জানান তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোঃ আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম, রসিক রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন প্রমুখ।
সিইসি প্রধান কাজী হাবিবুল আউয়াল রসিক নির্বাচন বিষয়ে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথেও মতবিনিময় করার কথা রয়েছে।
উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো এবারের রসিক নির্বাচনে মেয়র পদে ৯ জন প্রার্থী ও ৩৩ টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে ৬৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
বর্তমানে দশ লাখের উপরে জনসংখ্যার বসবাসে এই নগরীতে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী ২৭ ডিসেম্বর। এদিন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।



